চট্টগ্রামে ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক সাইফুর রহমান এ রায় দেন। একই রায়ে আসামি আবু তৈয়বকে এক লাখ টাকা জরিমানা করেছে আদালত। ২০১৭ সালের ১০ জানুয়ারি চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের জাফরাবাদ গ্রামে বসতভিটা রেজিস্ট্রি করে না দেওয়ায় ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী শাহিন আক্তারকে (৩৫) কুপিয়ে হত্যা করে স্বামী আবু তৈয়ব। রায়ের বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন জেলা পাবলিক প্রসিকিউটর শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।
আদালত সূত্র জানায়, মামলায় ১২ জন স্বাক্ষীর মধ্যে, বাদী, তদন্ত কর্মকর্তাসহ ১১ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। এ ছাড়া ভিকটিম শাহিন আক্তারের দুই কন্যা রিমু আক্তার (১০) রেশমি আক্তার (১৫) আদালতে সাক্ষ্য দেয়। রায় ঘোষণার সময় আসামি আবু তৈয়ব আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।