ডিসি-এসপিদের নির্বাচনী প্রশিক্ষণ স্থগিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২ ও ৩ নভেম্বর অনুষ্ঠেয় জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) প্রশিক্ষণ কর্মসূচি স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিএনপির দেওয়া অবরোধের কারণে এই কর্মসূচি স্থগিত করা হয়।

গতকাল সোমবার এ বিষয়ে ইটিআই মহাপরিচালক এসএম আসাদুজ্জামান বলেন, অনিবার্য কারণে ২ ও ৩ নভেম্বরের প্রশিক্ষণ কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে কবে তা অনুষ্ঠিত হবে, সে দিনক্ষণ এখনো চূড়ান্ত করা হয়নি।

ইসি জানায়, আগামী ২ ও ৩ নভেম্বর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে দুদিনের আবাসিক এ প্রশিক্ষণ হওয়ার কথা ছিল। এর আগেও পূজার কারণে পেছানো হয়েছিল কর্মসূচিটি।

কর্মকর্তারা বলছেন, সারা দেশে সড়ক, নৌ ও রেল পথে ১ থেকে ৩ নভেম্বর অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি। এই সময় স্থানীয় প্রশাসন ঢাকায় এসে প্রশিক্ষণ নিলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। মূলত এই কারণেই প্রশিক্ষণ র্কমসূচি স্থগিত করা হয়েছে। শুধু ডিসি, এসপি নয় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের চলমান প্রশিক্ষণ কর্মসূচিও স্থগিত করা হয়েছে।