ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গাড়ি কম, যাত্রী নেই

বিএনপি-জামায়াতের ডাকা টানা ৭২ ঘণ্টার অবরোধের প্রথম দিন সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গণপরিবহন চলাচল নেই বললেই চলে। দীর্ঘ সময় পর পর অল্প যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে বাস। একইসঙ্গে ব্যক্তিগত গাড়িরও দেখা মিলছে না। ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের পাঁচ্চর বাস স্ট্যান্ড, কুতুবপুর স্ট্যান্ড, বন্দরখোলা ও সূর্যনগর স্ট্যান্ড ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এসব বাসস্ট্যান্ডে ৪/৫ জন লোক আছে। কোন কোন স্ট্যান্ডে ঢাকাগামী কয়েকটি লোকাল পরিবহন ১ থেকে ২ ঘণ্টা দাঁড়িয়ে থেকে যাত্রী ওঠাচ্ছে। ব্যক্তিগত গাড়ি কম থাকায় সড়ক রয়েছে তুলনামূলক ফাঁকা।

খোঁজ নিয়ে জানা গেছে, অবরোধ ঘিরে সাধারণ মানুষ ঢাকামুখী হচ্ছে না। এর ফলে এক্সপ্রেসওয়েতে যানবাহনের তেমন দেখা নেই। কিছুক্ষণ পর পর দুই-একটি পরিবহন ঢাকার দিতে যেতে দেখা গেছে। এদিকে ব্যক্তিগত পরিবহন নেই বললেই চলে।

পাঁচ্চর থেকে ঢাকাগামী বাসের একাধিক চালক জানান, ‌‘পেটের দায়ে গাড়ি চালানোর জন্য তারা প্রস্তুত। ভোর থেকে কিছু গাড়ি চলাচল করলেও বেলা বাড়ার পরে যাত্রী খুবই কম। ভোরের দিকে এক্সপ্রেসওয়েতে ঢাকাগামী কয়েকটি পরিবহন ছেড়ে গেলেও বেলা বাড়ার সাথে সাথে পরিবহন একেবারেই কমে যায়। গণপরিবহন কম থাকায় অনেকই ছোট ছোট পরিবহন, মোটর সাইকেলে চড়ে রওনা হচ্ছেন যাত্রীরা।’

এদিকে শিবচর পৌর এলাকা ও বিভিন্ন হাটবাজারে খোঁজ নিয়ে জানা যায়, বেলা বাড়ার সাথে সাথে স্বাভাবিক হচ্ছে দোকানপাট। ভোর থেকে জেলার আঞ্চলিক সড়কেও বাস চলাচল না করায় অনেকে উপজেলা থেকে অটোবাইক, নসিমনে চড়ে কর্মস্থলে গেছেন।

বাসের অপেক্ষায় পাঁচ্চর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন শিবচর ব্যবসায়ী ইমরান হাওলাদার। তিনি জানান, ‘ঢাকায় তার দোকান।ঢাকা যেতে তিনি এখানে ১ ঘণ্টা ধরে দাড়িয়ে আছেন। কোন গাড়ি নেই।’

একই স্ট্যান্ডে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জিএস পরিবহনের সুপারভাইজার ওলিয়ুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, ‘আমাদের গাড়িতে ৪৫টি আসন। এই পর্যন্ত তারা ৩০ জন যাত্রী গাড়িতে উঠিয়েছেন। তিনি আরও বলেন, রাস্তায় লোক নেই কি করবো, যা পাচ্ছি তাই নিয়ে ঢাকা যাচ্ছি।’


শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিল আহমেদ জানান, ভোর থেকে সড়কে যানবাহন চলছে তবে অন্যান্য দিনের তুলনায় কম। আমাদের থানা পুলিশ দৈনন্দিন কাজের মতো দায়িত্ব পালন করছে।