বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।
আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এ দাবি জানান।
বিএনপিকে উদ্দেশ করে অধ্যাপক গোলাম রব্বানী বলেন, গণতন্ত্রের অনুসঙ্গ হচ্ছে গণমাধ্যম, গণমাধ্যমের ওপর যারা প্রকাশ্যে আঘাত করছে, আমরা তাদের বিচার চাই, পাশাপাশি একটি অনুরোধ নিবার্চন কমিশনের প্রতি, যারা রাষ্ট্রকে বিপন্ন করে, জনগণকে জিম্মি করে, রাষ্ট্র সম্পদ নষ্ট করে, যারা প্রকাশ্যে এরকম কর্মকাণ্ড ঘটায়, তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হবে। এরকমই আবেদন আমরা রাখতে চাই।
তিনি বলেন, আমরা আলোচনায় আছি, মাত্র কয়েক ঘণ্টা পরেই নভেম্বর শুরু হবে। এ জাতি প্রত্যাশা করছে নির্বাচন কমিশন রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচনের একটি তারিখ ঘোষণা করে জাতিকে নির্বাচনমুখী করবেন। আর যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান, সকল রাজনৈতিক দলগুলোকে সাধুবাদ জানাব সাংবিধানিক পন্থায় নির্বাচনে অংশগ্রহণ করতে। এতে তারা নিজেরা উপকৃত হবে, দেশবাসী উপকৃত হবে।
এই অধ্যাপক আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা বলেই দিয়েছেন সাংবিধানিকভাবে নির্বাচন হবে, জনগণের ভোটে যেই নির্বাচিত হবে সেই ক্ষমতায় আসবে। যারা নির্বাচনকে নষ্ট করতে চাই, তাদের শুভবুদ্ধির উদয় হোক। সংবিধানের ওপর তারা যেভাবে আক্রমণ করে কথা বলেছে, তাদের সঠিক বিচারের দাবি জানাই। সাংবিধানিক প্রতিষ্ঠান বিচার বিভাগকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার কার্যক্রম পরিচালনা করার জন্য উদাত্ত আহ্বান জানাই।