চট্টগ্রামে ৩ বাসে আগুন

বিএনপির ডাকা তিনদিনের অবরোধ শুরুর প্রথম দিন আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে চট্টগ্রাম নগরের ইপিজেড থানার সল্টগুলা ক্রসিং এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।

এর আগে গতকাল সোমবার রাত ১০টার দিকে নগরের দামপাড়া বাস কাউন্টারের সামনে একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার বালুচরা ট্যানারি বটতলা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা খান খলিলুর রহমান বলেন, মঙ্গলবার ভোর ৬ টার দিকে ইপিজেড থানার সল্টগুলা ক্রসিং এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা । খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) পংকজ দত্ত বলেন, গতকাল সোমবার রাত সাড়ে ৯টা থেকে মঙ্গলবার ভোর ৬ টা পর্যন্ত সল্টগোলা, দামপাড়া ও বায়েজিদ থানা এলাকায় তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলগুলোর আশপাশে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো যাচাই-বাছাই হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।