বাংলা বুঝে যেভাবে বাংলাদেশের পরিকল্পনা নস্যাৎ করেছিলেন ধোনি

রেলওয়েতে চাকরি করতেন মহেন্দ্র সিং ধোনি। ছিলেন টিকিট সংগ্রাক। সেখানে ক্রিকেটার ধোনি ভারতের সফলতম অধিনায়ক হয়েছেন। এই উইকেটকিপার হিসেবে শুধু ভারত নয়, সারা বিশ্বের কাছেই অনুপ্রেরণার এক নাম।

ধোনির প্রথম চাকরিস্থল ছিল পশ্চিমবঙ্গের খড়গপুরে। যেখানকার স্থানীয় ভাষা ছিল বাংলা। জীবীকার তাগিদের ভাষাটা বুঝে নিয়েছিলেন দ্রুতই। ৪২ বছর বয়সী এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সম্প্রতি একটি অনুষ্ঠানে জানিয়েছেন, বাংলা বোঝার সুবিধার্থে তিনি যেভাবে বাংলাদেশের পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছিলেন।

এক ইভেন্টে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছেন, ‘আমি যখন রেলে খড়গপুরে চাকরি করতাম, তখন ভালো বাংলা বলতে পারতাম। এখনও ভুলভাল করে বলতে পারব। তবে এখনও আমি বাংলাটা ভালো বুঝি।’

ধোনি তারপরই যোগ করেন, ‘মজার ব্যাপার হলো, একবার বাংলাদেশের সঙ্গে একটি ম্যাচ খেলেছিলাম। তারা জানত না যে আমি বাংলা বুঝি। তাদের উইকেটকিপার (খালেদ মাসুদ পাইলট) বোলারকে কিছু পরামর্শ দিচ্ছিল, তাই আমি আগে থেকেই জানতাম সে কোথায় বল করবে। একবার ম্যাচ শেষ হলে বাংলাদেশি ক্রিকেটাররা নিজেদের মধ্যে কথা বলছিল এবং আমার প্রতিক্রিয়া দেখে তারা তখন বুঝতে পারে আমি বাংলা বুঝি।’

ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি মিলিয়ে তিনটি ট্রফি আছে ধোনির ঝুলিতে। সেই সাবেক অধিনায়কের এমন স্মৃতিচারণের পর অনুষ্ঠানে সবাই হাসির রোল পড়ে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ধোনি এখনও খেলছেন আইপিএলে। আগামী ২০২৪ আসরেও তাকে দেখা যেতে পারে।