ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের বিপরীত পাশের এলাকায় বিএনপি-জামায়াত মিছিল বের করে। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে চকবাজার থানার ৩ পুলিশ সদস্য আহত হন। এছাড়া চানখারপুলে আরও ৩ পুলিশ সদস্য আহত হন। তারা ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মঙ্গলবার দুপুর ২টার দিকে ও বিকেলে এই পৃথক ঘটনা ঘটে। আহতরা হলেন, চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন (৪১), পরিদর্শক (অপারেশন) আব্দুল হালিম (৪৩), এসআই শুভঙ্কর রায় (৩৮), এসআই আজাদ (৩২), কনস্টবল শের আলী (৫০) কনস্টবল ইব্রাহিম (৩০)।
পরিদর্শক (অপারেশন) আব্দুল হালিম বলেন, হঠাৎ করে ঢাকা মেডিকেলের নতুন গেট দিয়ে বিএনপি জামায়াতের প্রায় ২০০ নেতাকর্মী মিছিল বের করে রাস্তায় নামে। এসময় তাদের সামনে যেতেই ইট পাটকেল নিক্ষেপ করে। এতে তারা আহত হন। এই ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।
চিকিৎসকরা জানান, তাদের কারোর অবস্থাই গুরুতর নয়। সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।