ওয়াংখেড়েতে আজ উন্মোচিত হবে টেন্ডুলকারের ভাস্কর্য

শচিন টেন্ডুলকারের ঘরের মাঠ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। ১০ বছর আগে এ মাঠেই আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলেছিলেন এই কিংবদন্তি। ২০১১ সালে বিশ্বকাপ ট্রফিও হাতে তুলেছিলেন ওয়াংখেড়েতে।

টেন্ডুলকারের সম্মানে আজ ওয়াংখেড়েতে উন্মোচন করা হবে ভারতীয় ব্যাটিং গ্রেটের ভাস্কর্য। এ বছর ভারতীয়দের মধ্যে তিনি হতে যাচ্ছেন দ্বিতীয় ক্রিকেটার, যার ভাস্কর্য তৈরি করা হয়েছে। গত মার্চে ইন্দোরের হলকার স্টেডিয়ামে উন্মোচন করা হয়েছিল ভারতের প্রথম টেস্ট অধিনায়ক কর্নেল সিকে নাইডুর ভাস্কর্য।

পিটিআইয়ের খবর, টেন্ডুলকার, বিসিসিআইয়ের সচিব জয় শাহ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধেসহ আরও অনেকেই উপস্থিত থাকবেন এই আয়োজনে। ভাস্কর্যটি টেন্ডুলকারের কোনো একটি আইকনিক শটের হবে।

মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অমল কালে গত ফেব্রুয়ারিতেই ঘোষণা দিয়েছিলেন, ‘বিশেষ উপহার’ হিসেবে টেন্ডুলকারের একটি ভাস্কর্য স্থাপন করা হবে ওয়াংখেড়েতে। এটি হবে ২০ ফুট উঁচু।

ভারতের বাইরে লন্ডনের মাদাম তুসো জাদুঘরে টেন্ডুলকারের ভাস্কর্য আছে। বিশ্বখ্যাত ক্রিকেটারদের মধ্যে মেলবোর্নের এমসিজিতে আছে কিংবদন্তি অস্ট্রেলিয়ান লেগ স্পিনার শেন ওয়ার্নের ভাস্কর্য।