বিএনপির ডাকে তিন দিনের অবরোধের দ্বিতীয় দিনে মিছিলের আগমুহূর্তে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন ও বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক সাবেক এমপি আবুল হোসেনসহ ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতভর ও বুধবার (১ নভেম্বর) সকালে নগরীর বটতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সকালে নগরের বটতলা ও থানা কাউন্সিল সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতৃবৃন্দ মিছিল বের করতে চাইলে সেখানে থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্য গ্রেপ্তারকৃতরা হলেন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রেজাউল হক কিরণ, সাকলাইন। বাকি তিন জনের নাম নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে বুধবার সকাল সোয়া ৭টার দিকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে বান্দরোডে মহানগর ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে। কর্মসূচিতে নেতৃত্ব দেন মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি।এ সময় তারা সড়কের ওপরে টায়ারে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।
অন্যদিকে ঢাকা বরিশাল মহাসড়কে গাছ ফেলে ও আগুন দিয়ে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীরা। বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় এই বিক্ষোভ করা হয়। এ ছাড়া গত মঙ্গলবার শেষ বিকালে লাকুটিয়া এলাকায় বিক্ষোভ করে বিএনপি নেতাকর্মীরা।
যাত্রী সংকটের কারণে বরিশালে সীমিত আকারে চলাচল করছে বাস ও লঞ্চ। ভোর ৬টা থেকে বরিশাল নৌ-বন্দর ত্যাগ করেছে কয়েকটি লঞ্চ। নগরীর রুপাতলী ও নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে সীমিত আকারে চলাচল করছে অভ্যন্তরীণ রুটের বাস। তবে মহাসড়ক ও নগরীর অভ্যন্তরে তিন চাকার গণপরিবহন এবং পণ্যবাহী যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বাজার, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি দপ্তরের কার্যক্রম অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে।