বিএনপি জামায়াতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচীর দ্বিতীয় দিনে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা গাছ ফেলে সড়ক অবরোধ করা হয়েছে।
আজ বুধবার অবরোধকারীরা কয়েকটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ভোর পাঁচটার দিকে চট্টগ্রাম কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা হাইব্যার গোট্টার আধা কিলোমিটার এলাকায় পাশের তিনটি বড় গাছ কেটে ফেলে সড়কে অবরোধ করেছে অবরোধকারীরা। এ সময় তারা দুইটি পাথর বোঝাই ট্রাক ও একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে। পরে ট্রাক দুটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এসময় প্রায় দুই ঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
সকালে রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে সড়ক থেকে গাছ সরিয়ে নেয়ার ব্যবস্থা করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। রাঙ্গুনিয়া মডেল থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, ভোর প্রায় সাড়ে ৪টার দিকে তারা গাছ কেটে ফেলে সড়ক অবরোধ, গাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।