সেঞ্চুরি দিয়ে লঙ্কা সফরটা রাঙিয়ে নিলেন বাংলাদেশের অনুর্ধ ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। ডাম্বুলায় তার ১২৯ রানের দারুণ ইনিংসের সুবাদে প্রথম ইনিংসে ২৫১ রানের পুঁজি সংগ্রহ করে বাংলাদেশ ইমার্জিং দল। ডাম্বুলায় আনঅফিসিয়াল টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে এ কীর্তি গড়েন আকবর। লঙ্কানদের হয়ে চামিকা গুনাসেকারা একাই শিকার করেন ৯ উইকেট।
৬ উইকেটে ১৫৩ রানে প্রথম দিন শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় দিনে আরো ৯৮ রান যোগ করে বাংলাদেশ। তার মধ্যে ৬৭ রানই আসে আকবরের ব্যাটে। তবে আকবর ছাড়া ইমার্জিং দলের আর কারও ব্যাট হাসেনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান আসে রাকিবুলের ব্যাটে। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৪০ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা ইমার্জিং দল।