গাজা এখন হাজার হাজার শিশুর কবরস্থান: জাতিসংঘ

অবরুদ্ধ গাজা উপত্যকা এখন হাজার হাজার শিশুর কবরস্থানে পরিণত হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) জাতিসংঘ এ কথা বলেছে। একইসঙ্গে সংস্থাটি আশঙ্কা করছে গাজার আরো অনেক শিশু পানি শূন্যতায় মারা যাবে।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের অব্যাহত হামলায় সাড়ে আট হাজারেরও বেশি লোক নিহত হয়েছে। এদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের মুখপাত্র জেমস এলডার এক বিবৃতিতে বলেছেন, আমাদের ভয় কথিত সংখ্যায় শিশু নিহত হয়েছে তা কয়েক ডজন, তারপর শত শত এবং শেষ পর্যন্ত হাজার হাজারে পরিণত হয়েছে মাত্র এক পক্ষকালের মধ্যেই। 
 
তিনি আরো বলেন, এ সংখ্যা আতঙ্কজনক। বোমা হামলায় তিন হাজার ৪৫০ জনের বেশি শিশু প্রাণ হারিয়েছে। প্রতিদিনই এ সংখ্যা বাড়ছে। ১০ লাখেরও বেশি শিশু বিশুদ্ধ পানির অভাবে ভুগছে।

ইউনিসেফ অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। এছাড়া গাজায় প্রবেশের সকল পথ খুলে দেওয়ারও আহ্বান জানিয়েছে সংস্থাটি।