পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আইনুল হক (৩২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
বুধবার ভোরে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকার ৪৪৮ নম্বর মেইন পিলারের পাশে ভারতের অভ্যন্তরে ফাঁসিদেওয়া ক্যাম্পের ফকিরগঞ্জ সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত আইনুল হক দক্ষিণ কাসেমগঞ্জ এলাকার আকবর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ গরু চোরাচালান করে আসছিলেন বলে জানা গেছে।
বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলন এসব বিষয় নিশ্চিত করে বলেন, ভোর রাতে গুলির শব্দ পায় স্থানীয়রা। অন্যদিকে আইনুলকে না পেয়ে রাতেই তার পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে সকালে সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে আইনুলের মৃত্যুর বিষয়টি জানতে পারে। নিহতের মরদেহ বিএসএফ নিয়ে গেছে। যেহেতু বিএসএফ মরদেহ নিয়ে গেছে, অতএব আইনি প্রক্রিয়া ছাড়া দুয়েক দিনে মরদেহ দেশে আসার সুযোগ নেই। পরিবারের দাবিতে বিজিবির মাধ্যমে ভারতে যোগাযোগের চেষ্টা চলছে।
পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক (সিও) লে. কর্নেল যোবায়েদ হাসান বলেন, ভারতের শূন্য রেখায় একটি মরদেহ দেখা গেছে এবং মরদেহ শনাক্ত হওয়ার পর বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের জন্য পত্র প্রেরণ করা হয়েছে। পাশাপাশি আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে।