অন্তঃসত্ত্বা অবস্থায় অভিনেত্রীর মৃত্যু, নবজাতক আইসিইউ-তে

হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন মালয়ালম অভিনেত্রী প্রিয়া। বুধবার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন ৩৫ বছর বয়সী এ অভিনেত্রী। অভিনেত্রীর বাইরেও তিনি একজন চিকিৎসক ছিলেন। তার মৃত্যুর খবর সোশ্যালে নিশ্চিত করেন একই ইন্ডাস্ট্রির আরেক অভিনেতা কিশোর সত্য। 

এক স্ট্যাটাসে তিনি লেখেন, আরও একটি অপ্রত্যাশিত অকালমৃত্যু মালয়ালম টেলিভিশন জগতে৷ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন ডক্টর প্রিয়া৷ তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন৷ তার নবজাতক সন্তান আইসিইউ-তে রয়েছে৷

জানা গেছে, প্রিয়া ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন৷ নিয়মমাফিক চেক-আপের জন্য হাসপাতালে গেলে সেখানেই হৃদরোগে আক্রান্ত হন তিনি৷

প্রিয়ার মৃত্যু হলেও তার সন্তান ভূমিষ্ঠ করানো হয়েছে৷ গর্ভস্থ শিশুকে বাঁচাতে পেরেছেন চিকিৎসকরা৷ শিশুটিকে আপাতত রাখা হয়েছে ইনটেনসিভ কেয়ার ইউনিটে৷

প্রসঙ্গত, মালয়ালম টেলিভিশন ইন্ডাস্ট্রির অতি পরিচিত মুখ প্রিয়া। বিয়ের পর অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন তিনি৷

স্থানীয় সূত্রে জানা গেছে, ডাক্তার প্রিয়া তিরুঅনন্তপুরমের পিআরএস হাসপাতালে কর্মরত ছিলেন।