৭২ ঘণ্টার মধ্যে পেনশনের চেক পেল নিহত পুলিশ সদস্যের পরিবার

গত ২৮ অক্টোবর সমাবেশে দায়িত্ব পালনকালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে নিহত পুলিশ সদস্য মো. আমিরুল ইসলামের মৃত্যুর ৭২ ঘণ্টার মধ্যে পেনশনের চেক ও আনুতোষিক সুবিধা প্রদান করলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

আজ বুধবার দুপুরে ডিএমপি হেডকোয়ার্টার্সে নিজ অফিস কক্ষে নিহত আমিরুলের পরিবারের কাছে তিনি পেনশনের চেক, ভবিষ্যৎ তহবিলের জমাকৃত অর্থ ও ল্যামগ্রান্ডের সমুদয় অর্থ প্রদান করেন। এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খ. মহিদ উদ্দিনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় কমিশনার তার পরিবারকে সান্ত্বনা দিয়ে বলেন, আমরা ঢাকা মেট্টোপলিটন পুলিশ ৩৪ হাজার সদস্য নিয়ে একটি পরিবার। আমিরুলের পরিবারও আমাদের পরিবার। যেকোনো প্রয়োজনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের পাশে থাকবে।

এসময় আমিরুলের ছোট্ট মেয়েটি তার বাবার চেয়ে বড় পুলিশ হওয়ার আশা ব্যক্ত করেন।