অবরোধে নাশকতার অভিযোগে ঢাকার দোহার ও নবাবগঞ্জে অভিযান চালিয়ে বিএনপির ২৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে দোহার ও নবাবগঞ্জ থানা পুলিশ। তবে বিএনপির দাবি পুলিশ অন্যায় ভাবে তাদের ২৯ নেতাকর্মী প্রেপ্তার করেছেন।
বুধবার (১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা কামাল ও নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম শেখ।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (দোহার সার্কেল) মো. আশরাফুল আলম বলেন, সড়কে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে দোহার ও নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির ২৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে দোহার থেকে ১৬ জন এবং নবাবগঞ্জ থেকে ১১ জন। পরে বুধবার তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এ জ্যেষ্ঠ কর্মকর্তা।
এ বিষয়ে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, পুলিশ এ অবৈধ সরকারের ভূমিকা পালন করে অন্যায় ভাবে আমাদের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করছেন। সরকার ফের ২০১৮ সালের মতো রাতের ভোট করার পায়তারা করছেন বলেও অভিয়োগ করেন আশফাক। তিনি এ গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।