ফিলিস্তিনে গণহত্যা চলছে, ‘ব্যর্থ জাতিসংঘ’ ছাড়লেন শীর্ষ কমকর্তা

ফিলিস্তিনিদের ওপর চলমান গণহত্যা ঠেকাতে ব্যর্থ হয়েছে জাতিসংঘ। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে পদত্যাগ করেছেন সংস্থাটির নিউইয়র্ক মানবাধিকার অফিসের পরিচালক ক্রেগ মোখিবার। বুধবার (০১ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

ক্রেগ মোখিবার বলেন, ইসরায়েল যা করছে তা গণহত্যার নিখুঁত উদাহরণ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বেশিরভাগ দেশ জেনেভা কনভেনশনের অধীনে তাদের দায়িত্বই অস্বীকার করছে না, বরং ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে এবং রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন জোগাচ্ছে।

গাজায় ইসরায়েলি গণহত্যার সঙ্গে পশ্চিমা বিশ্ব জড়িত বলে দাবি ক্রেগের। তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভল্কার তুর্কের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। আর এই চিঠিতেই তার পদত্যাগের কারণ ব্যাখ্যা করেন।

তিনি বলেন, আবারও আমাদের চোখের সামনে গণহত্যা সংগঠিত হচ্ছে এবং আমাদের সংস্থাটি এটি থামাতে ব্যর্থ হচ্ছে। জাতিসংঘ এর আগে রুয়ান্ডায় তুতসি, বসনিয়ায় মুসলমান, ইরাকের কুর্দিস্তানে ইয়াজিদি এবং মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যা প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে।

তবে ক্রেগ মোখিবার দাবির জবাবে, জাতিসংঘের যুদ্ধাপরাধ বিষয়ক প্রাক্তন বিচারক জিওফ্রে রবার্টসন বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ‘গণহত্যা’ সাধারণত ব্যবহার করা হয় না, যেহেতু এটি রাজনৈতিক গোষ্ঠীর ক্ষেত্রে প্রযোজ্য নয়, জাতিগত গোষ্ঠীগুলোর জন্য প্রযোজ্য।