দুর্ঘটনা কবলিত একটি গাড়ি পড়ে ছিল সড়কে। গাড়ির ভেতর ছিল বেশ কিছু বিদেশি মদের বোতল। দুর্ঘটনার পর সেই মদের বোতল গড়াগড়ি খাচ্ছিল রাস্তায়। আর তা লুট করে পালাল পথচারীরা। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের বিহারে, যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনাটি গত সোমবারের। সেদিন বিহারের দুই নম্বর জাতীয় সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এর ফলে একটি গাড়ির ভেতর রাখা বিদেশি মদের বেশ কয়েকটি বাক্স রাস্তায় ছিটকে পড়ে। বাক্স থেকে বেরিয়ে গড়াগড়ি খেতে থাকে অনেকগুলো মদের বোতল।
ঠিক এ সময় সেই মদের বোতল নিয়ে পালায় পথচারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তবে পুলিশের সামনেও তারা মদ হাতছাড়া করতে চায়নি।
সোশ্যাল মিডিয়ায় এ ঘটনার ভিডিও দেখে নেটিজেনরা বলছেন, ঘটনাটি বিহারকে জোর করে মদমুক্ত করার ফল। বিনামূল্যে রাস্তায় মদের বোতল দেখে সুরাপ্রেমীরা যেন চাঁদ পেয়েছেন। তবে আবগারি দপ্তরের সহকারী পুলিশ কমিশনার প্রেম প্রকাশ বলেছেন, ওই পথচারীদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।