বিএনপি-জামায়াতের সঙ্গে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

অবরোধের পাশাপাশি বুধবার সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে বিএনপি। যুবদল নেতা জিলু আহমদ দিলুকে পুলিশ গাড়িচাপা দিয়ে হত্যা করেছে দাবি করে এর প্রতিবাদে সিলেট বিভাগে হরতাল আহ্বান করে বিএনপি-যুবদল।

হরতাল-অবরোধ চলাকালে আজ বুধবার দুপুরে নগরীর বন্দরবাজার ও দক্ষিণ সুরমার আলীনগরে বিএনপি-জামায়াতের সঙ্গে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত হন উভয়পক্ষের কয়েকজন। পরে বিপুলসংখ্যক পুলিশ বিএনপি-জামায়াতের কর্মীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় বিএনপির ৬ নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।    

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ ও হরতালের সমর্থনে নগরীর জেলরোড এলাকা থেকে মিছিল বের করে যুবদল। মিছিলটি বন্দরবাজারে এলে মহাজনপট্টি থেকে শিবিরের মিছিলও একই পয়েন্টে আসে। এসময় হরতাল-অবরোধের প্রতিবাদে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা মোটরসাইকেলযোগে মিছিল নিয়ে আসেন। তখন উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর পুলিশ ফাঁকা গুলি ছুড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেলা সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমার সিলেট-ঢাকা মহাসড়কের আলীনগর এলাকায় যুবদল মিছিল বের করলে ছাত্রলীগ তাদেরকে ধাওয়া করে। পাল্টা ধাওয়া করে যুবদলও। এ নিয়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এদিকে হরতালের কারণে সকাল থেকে নগরীর মার্কেট, শপিং মল, দোকান-পাট পুরোপুরি বন্ধ ছিল। রিকশা-অটোরিকশা ছাড়া অন্য কোন যানবাহন চলাচল করেনি।    

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ জানান, নগরীর বন্দরবাজারে নাশকতার খবর পেয়ে পুলিশ গিয়ে পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় বিএনপি-ছাত্রদলের ৬ জনকে আটক করা হয়েছে।