যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া আরেফিকে চেনেন না বলে দাবি করেছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী।
বুধবার (১ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে রিমান্ড শুনানির সময় আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি এ দাবি করেন।
আদালতে হাসান সারওয়ার্দী বলেন, ‘মিয়া আরেফির সঙ্গে আমার কোনো পরিচয় নেই। আমি আরেফিকে চিনিও না। ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির সমাবেশে কয়েকজন পরিচিত আহত হওয়ার খবর শুনে আমি সেখানে যাই। সেখানে বিএনপির নেতা ইশরাকের সঙ্গে দেখা হয়। পরে বিএনপি অফিসে গিয়ে আমি দাঁড়িয়ে ছিলাম। বসার জন্য চেয়ার দিলে আমি সেখানে বসি।’
এর আগে পুলিশ বুধবার দুপুরে চৌধুরী হাসান সারওয়ার্দীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত শুনানি শেষে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল মঙ্গলবার চৌধুরী হাসান সারওয়ার্দীকে পল্টন থানার মামলায় সাভার থেকে গ্রেপ্তার করে পুলিশ।
২৮ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া আরেফিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সঙ্গে করে নিয়ে যান হাসান সারওয়ার্দী। সেখানে বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আরেফি। এ সময় বিএনপি নেতা ইশরাক হোসেন উপস্থিত ছিলেন। পরে গত ২৯ অক্টোবর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরেফিকে গ্রেপ্তার করে পুলিশ।