বলিউড অভিনেতা শাহরুখ খানের ৫৮তম জন্মদিন আজ। অর্থনীতি ও ম্যাস কমিউনিকেশন পড়া এ অভিনেতার জন্ম ১৯৬৫ সালের ২ নভেম্বর, ভারতের দিল্লিতে। তার পরিবার এসেছে পাকিস্তানের পেশোয়ার থেকে। তিনি একজন পাঠান, রাশির দিক থেকে স্করপিও। তার এই সাক্ষাৎকারটি নিয়েছিল ফিল্মফেয়ার। প্রায় অর্ধশত প্রশ্ন নিয়ে তারা মুখোমুখি হয়েছিল অভিনেতার। তারই সংক্ষেপিত রূপ এটি যা পড়ার সময় মনে রাখতে হবে খান সে সময় পেপসির ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন। ভূমিকা ও ভাষান্তর : নাজমুস সাকিব রহমান
স্কুলে আপনার নাম কী ছিল?
মেইল গাড্ডা। আমি খুব জোরে দৌড়াতাম, যেন একটা এক্সপ্রেস ট্রেন ছুটছে।
আপনার বিষয়ে তিনটি তথ্য দিন।
আমার অনেক তিল আছে। শরীরের ডান দিকে। দুই, আমি পানি পান করি না, শুধু পেপসি। তিন, আমি সেন্ডেল পরতে অপছন্দ করি, কখনই পরি না।
হিউম্যান বডির ফেভারিট পার্ট?
কলার বোন এরিয়া।
ইংরেজি ভাষার সবচেয়ে আকর্ষণীয় শব্দ কোনটি?
সুইটহার্ট। যদিও শব্দটার অপব্যবহার হয়। কিন্তু এটি আমি আকর্ষণীয় মনে করি। শশী কাপুর এটা ভালোভাবে বলতে পারতেন। আমার মনে হয় আমিও এটা মিষ্টি করে বলতে পারি। আমি প্রচুর মানুষের ভেতর সুইটহার্ট দেখেছি।
কোন বিষয়টি আপনাকে বলা উচিত নয়?
অশোক বাংকার একবার লিখেছিল আমাকে মুম্বাই থেকে বের করে দেওয়া উচিত। কারণ অভিনেতারা মুম্বাইয়ের জন্য বিপজ্জনক। আমরা যা করি তার সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের সম্পর্ক আছে। আমাদের মেরে ফেলার চেষ্টা করে। এরপরও আমি এ কথায় নেগেটিভিটি খুঁজে পেয়েছি। এটা স্টুপিডিটিও। কেউ আমাকে মুম্বাই ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকতে বলতে পারে না। বিশেষ করে আমার বাংলো মান্নাতের পেছনে এত টাকা খরচ করার পর।
অফ স্ক্রিনে আপনি ভালো অভিনেতা?
অবশ্যই। কারণ ক্যামেরার কিছু কাজ করায়। কিন্তু ন্যাচারিলিজম তখনই আসে যখন আপনি ক্যামেরার সামনে নেই।
যে ফোনকলের কথা আপনার এখনো মনে আছে...
এটা এসেছিল হাসপাতাল থেকে। তারা জানতে চেয়েছিল, আমার বাবার ডেডবডি নিতে যেতে পারব কি না। রাত তখন আড়াইটা বাজে। আমরা হাসপাতালে পৌঁছাই ভোর ৪টায়। আমার মা প্রথমে আমাকে খবরটা দেননি। তিনি বলেছিলেন, চলো, বাবা তোমার সঙ্গে দেখা করতে চান।
কোন বই আপনি প্রায়ই পড়েন?
অনেকগুলোই। যেমন : আদ্রিয়ান মোল ও উডি এলেনের বই। আমার কাছে উডি এলেনের পুরো সংগ্রহ আছে। বিল কোসবির ফাদারহুড এবং প্যারেন্টহুড। এ ছাড়া ডগলাস এডামের দ্য হিচহাইকার্স গাইড টু দ্য গ্যালাক্সি।
সর্বশেষ কখন মেজাজ হারিয়ে ছিলেন?
ছয় মাস আগে আমি মেজাজ হারিয়ে ফেলেছিলাম। আমার রাগ খুব খারাপ। কিন্তু আমি এটা নিয়ন্ত্রণ করতে শিখে গেছি। কারণ আমি নিয়ন্ত্রণ হারালে যা করতে পারি তার জন্য আমি ভীত। আমি একবার পাগল হয়ে গেলে কেউ আমাকে থামাতে পারবে না। যে কাউকে খুন করে ফেলতে পারি। তাই পরিস্থিতি যখন অস্থির হয়ে যায় আমি শান্ত হতে চেষ্টা করি।
একটি আদর্শ দিন নিয়ে আপনার ধারণা কী?
এটা শুরু হবে ২টায়, বিকেলের দিকে। শেষ হবে ভোর ৫টায়। আগে আমি এটা নিয়ে ভাবতাম। এখন ভাবি না। তবে যদি বৃষ্টি হয় আমি কাউকে নিয়ে ঘরে থাকতে চাই। সিনেমা দেখতে চাই।
আপনি কী নিয়ে রসিকতা করবেন না?
মানসিক বা শারীরিক অক্ষমতা নিয়ে রসিকতা করা ঠিক নয়। আমি ‘বাদশাহ’ সিনেমাটা করার সময় খারাপভাবে অনুভব করেছি। এই একবারই আমি সেটা করেছি। কারণ ওটা মজার দৃশ্য ছিল।
পোশাকের কোন বিষয়টি আপনার ব্যক্তিত্বকে আকৃতি দিয়েছে?
আমার শার্ট। অর্ধেক বাইরে, অর্ধেক প্যান্টের ভেতরে। আমি অফ স্ক্রিনে সব সময় এভাবেই শার্ট পরেছি। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে (১৯৯৫) সিনেমায় এটা আমি প্রথমবারের মতো অন স্ক্রিনে নিয়ে এলাম এবং ট্রেন্ড হয়ে গেল।
একজন সুপারস্টার হওয়ার ভালো দিক কোনটি?
মানুষ যখন আমাকে দেখে তাদের মুখে হাসি ফুটে ওঠে। তারা আনন্দিত হয়। এটা আমি উপভোগ করি। আমি যখন স্টেজে উঠি, তাদের মুখের হাসি অনুভব করতে পারি। আমার গাড়ি যখন তাদের পাশ দিয়ে যায় তারা আমাকে দেখে উত্তেজিত হয়। যখন আমি ঘর থেকে বের হই তারা আমাকে দেখার জন্য বাইরে অপেক্ষা করে। এটা খুবই চমৎকার অনুভূতি। একজন সুপারস্টার হিসেবে আমি ভালো ব্যবহার পেয়ে থাকি।
কোন গানের লিরিক আপনার কাছে অনেক কিছু?
আভি না যাও ছোড় কার, কে দিল আভি ভারা নেহি। হাম দোনো (১৯৬১) সিনেমার গান। এটা খুবই রোমান্টিক। আমি কোনো একদিন এটা সিনেমায় গাইতে চাই।