বাংলাদেশে প্রথমবারের মতো একটি সম্ভাবনাময় ডেঙ্গু টিকার দ্বিতীয় পর্যায়ের গবেষণা সফলভাবে শেষ করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)। এই টিকার নাম ‘টিভি০০৫’। যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের (ইউভিএম) লার্নার কলেজ অব মেডিসিনের সঙ্গে আইসিডিডিআর,বির পরিচালিত যৌথ গবেষণায় দেখা গেছে, এই টিকা চার ধরনের ডেঙ্গুর (ডেন-১, ২, ৩, ৪) বিরুদ্ধেই কার্যকর। এর ফেস-২ ট্রায়াল শেষ হয়েছে। বাণিজ্যিক উৎপাদনের আগে আরও কয়েক ধাপ ট্রায়ালের প্রয়োজন রয়েছে। গতকাল রাজধানীর মহাখালীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আইসিডিডিআর,বি টিকার এসব তথ্য জানায়।
আইসিডিডিআর,বির জ্যেষ্ঠ বিজ্ঞানী ও প্রধান গবেষক ডা. রাশেদুল হক জানান, জাপান ও ইন্দোনেশিয়া এর আগে দুটি টিকার নিবন্ধন পেলেও তা ব্যাপকভাবে কার্যকর নয়। এ বাস্তবতায় যুক্তরাষ্ট্রের ‘টিভি-০০৫’ ডেঙ্গুর টিকার দ্বিতীয় ধাপের ট্রায়াল শেষ করেছে বাংলাদেশ। ট্রায়ালে অংশ নেওয়া ১৯২ জনের মধ্যে ১৪২ জনকে টিকা দেওয়া হয়েছে। ১৮০ দিন পর ফলাফলে দেখা যায়, টিকার বিপক্ষে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার প্রমাণ নেই। এই টিকা ডেঙ্গুর চারটি ধরনের মধ্যে ডেন-২ এর বিরুদ্ধে ৯৯ শতাংশ, ডেন-৩ এর বিরুদ্ধে ৯৬ শতাংশ, ডেন-৪ এর বিরুদ্ধে ৮৭ শতাংশ ও ডেন-১ এর বিরুদ্ধে ৮৩ শতাংশ কার্যকর।
সংবাদ সম্মেলনে আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ডা. তাহমিদ আহমেদ বলেন, ‘আমরা চাই, সব ধাপের ট্রায়াল শেষে বাংলাদেশে এই টিকা উৎপাদন হোক। এ ব্যাপারে বাংলাদেশের কয়েকটি কোম্পানি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। তবে এ ক্ষেত্রে লাইসেন্স প্রয়োজন। এর পেছনে অনেক কর্মযজ্ঞ রয়েছে। সরকারের সহযোগিতায় এটি সম্ভব হতে পারে।’
আইসিডিডিআর,বির সংক্রামক রোগ বিভাগের ভারপ্রাপ্ত সিনিয়র ডিরেক্টর ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী ড. ফিরদৌসী কাদরী বলেন, ‘আমরা এখনো পর্যন্ত যতগুলো টিকার কাজ করেছি, সবগুলো সরকারের সঙ্গে করেছি। আমরা এখন ঠিক বলতে পারছি না যে, পরবর্তী ফেইজে কীভাবে যাব। যাদের কাছে টিকা তৈরি আছে, তাদের সঙ্গে কথা হচ্ছে।’