আগামী শনিবার (৪ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করবেন। এ উপলক্ষে শনিবার উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল বন্ধ থাকবে। রবিবার আবার আগের নিয়মে মেট্রোরেল চলবে। শুরুতে উত্তরা থেকে মতিঝিলে পৌঁছাতে মেট্রোর সময় লাগবে ৩১ মিনিট। সব স্টেশন চালু হলে সময় আরও বেশি লাগবে। গত ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয়।
গতকাল বুধবার দুপুরে রাজধানীর প্রবাসীকল্যাণ ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। মেট্রো প্রকল্পসংশ্লিষ্টরা এতে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রাথমিক পর্যায়ে উত্তরা-মতিঝিল রুটে (এমআরটি-৬) সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রতিদিন মোট চার ঘণ্টা চলবে মেট্রোরেল। ২০ দশমিক ১ কিলোমিটার পথ মাত্র ৩১ মিনিটে অতিক্রম করতে পারবে যাত্রীরা। প্রথম পর্যায়ে মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত তিনটি স্টপেজ থাকবে। এ পথ পেরোতে মাত্র ১৪ মিনিট লাগবে। উত্তরা থেকে নয়টি স্টপেজ দিয়ে আগারগাঁওয়ে আসতে সময় লাগে প্রায় ১৭ মিনিট। সব মিলে উত্তরা থেকে মতিঝিলে যেতে লাগবে ৩১ মিনিট। তবে সব স্টেশনে, অর্থাৎ ৮টি স্টেশনে থেমে মতিঝিল পৌঁছাতে সময় লাগতে পারে ৩৮ থেকে ৪০ মিনিট। ১০ মিনিট অন্তর দুই প্রান্ত থেকে ট্রেন ছাড়বে।
সংবাদ সম্মেলনে বলা হয়, এত দিন এক থেকে দুই ঘণ্টা সময় লাগত উত্তরা থেকে মতিঝিল যেতে। যানজট বেশি থাকলে কখনো এর চেয়েও বেশি সময় লাগত। মেট্রোরেলের মতিঝিল অংশের উদ্বোধনের মাধ্যমে এই দুরবস্থা থেকে মুক্তি পেতে যাচ্ছে এই রুটের যাত্রীরা। তবে পুরো সুফল পেতে অপেক্ষা করতে হবে আরও তিন মাস। এ সময়ের মধ্যে মেট্রোরেলের দুই অংশের মধ্যে কার্যকর সমন্বয় করে পুরো অংশে সমানতালে পুরো সময়ের জন্য মেট্রো চালানো সম্ভব হবে।
প্রকল্পের তথ্য অনুযায়ী, এত দিন উত্তরা থেকে মতিঝিল যেতে গড়ে সময় লাগত ১০৫ মিনিট। পূর্ণদৈর্ঘ্যে মেট্রো চালু হলে যাত্রীদের সময় বাঁচবে ৭৪ মিনিট। এম এ এন সিদ্দিক সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে উত্তরা-মতিঝিল রুটে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রতিদিন মোট ৪ ঘণ্টা চলবে। উত্তরা-আগারগাঁও অংশে চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত।
প্রকল্পসংশ্লিষ্টরা জানায়, প্রাথমিকভাবে আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রো ফার্মগেট, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল স্টেশনে থামবে। বিজয় সরণি, কারওয়ান বাজার, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনসহ বাকি স্টেশনগুলো আগামী তিন মাসের মধ্যে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে।
প্রকল্পসংশ্লিষ্টরা আরও জানায়, মেট্রোর নতুন রুটের সেবার মান নিশ্চিত করার জন্য প্রকল্পের কর্মকর্তারা কর্মক্ষমতা পরীক্ষা, সিস্টেম ইন্টিগ্রেশন পরীক্ষা, ট্রায়াল রান ও অন্যান্য প্রয়োজনীয় মূল্যায়ন কার্যক্রম চালাচ্ছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হয়ে আগারগাঁও স্টেশনে মেট্রো সেবার উদ্বোধন করবেন বলে জানিয়েছেন এম এ এন সিদ্দিক। পরে ট্রেনে চড়ে মতিঝিল মেট্রোরেল স্টেশনের কনকোর্স লেভেলে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এমআরটি লাইন-৬-এর আগারগাঁও-মতিঝিল অংশের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী এমআরটি লাইন-৫-এর (উত্তর রুট) নির্মাণকাজের উদ্বোধন করবেন। মতিঝিল স্টেশনে এমআরটি লাইন-৬-এর উদ্বোধনফলকও উন্মোচন করবেন তিনি।