আব্বাস আলাল ৫ ও সারওয়ার্দী ৮ দিনের রিমান্ডে

পুলিশের অস্ত্র ছিনতাই ও নাশকতার পৃথক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। পুলিশের আবেদন মঞ্জুর ও আসামিপক্ষের জামিনের আবেদন নামঞ্জুর করে গতকাল বুধবার ঢাকা মহানগর হাকিম শফি উদ্দিন এ আদেশ দেন।

গত মঙ্গলবার রাতে মির্জা আব্বাসকে শাহজাহানপুর এলাকার শহীদবাগের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ কেন্দ্র করে অস্ত্র ছিনতাই ও নাশকতার অভিযোগে শাহজাহানপুর থানায় করা মামলায় আব্বাসকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক নুরুল ইসলাম।

অন্যদিকে মির্জা আব্বাসের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। রিমান্ডের পক্ষে ও জামিনের বিরোধিতা করে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু। সে সময় জেলা আদালতের পিপি শেখ হেমায়েত হোসেন, অতিরিক্ত পিপি তাপস পাল ও আজাদ রহমানসহ রাষ্ট্রপক্ষে শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। আসামিপক্ষে আইনজীবী মহসীন মিয়া, ওমর ফারুক ফারুকী, মোসলেহ উদ্দিন জসীমসহ দেড় শতাধিক আইনজীবী শুনানি করেন।

শুনানিকালে মির্জা আব্বাস জামিন চেয়ে আদালতের উদ্দেশে বলেন, ‘আমার বয়স ৭৪ বছর। নানা রোগে ভুগছি। আমি একজন বীর মুক্তিযোদ্ধা। অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ছিলাম। সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমি। শুরু থেকেই বিএনপির রাজনীতি করি। আমরা এরশাদ সরকারকে নামিয়েছি, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকেও ক্ষমতা থেকে নামিয়ে ছিলাম।’

তিনি বলেন, ‘রাজনীতিকে নেতাশূন্য করতে একটা গভীর ষড়যন্ত্র চলছে। যার শিকার হচ্ছি আমরা। এভাবে চলতে থাকলে রাজনীতি নেতাশূন্য হয়ে যাবে।’ শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর ও রিমান্ডের আবেদন মঞ্জুর করে আদেশ দেয়।

রাজারবাগে পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘরের ক্যানটিন ভাঙচুর ও পুলিশের পিস্তল ছিনতাইয়ের অভিযোগে পল্টন থানায় করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার ঢাকা মহানগর হাকিম শফি উদ্দিন এ আদেশ দেন।

গত মঙ্গলবার রাতে বিএনপি নেতা আলালকে গ্রেপ্তারের পর গতকাল তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। আইনজীবীরা আলালের জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে রিমান্ডে পাঠানোর আদেশ দেয়।

আলালের পক্ষে আইনজীবী মোসলেহ উদ্দিন জসিমসহ আরও কয়েকজন শুনানি করেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা আদালতের পিপি (পাবলিক প্রসিকিউটর) আব্দুল্লাহ আবু।

সাবেক সেনা কর্মকর্তা সারওয়ার্দী ৮ দিনের রিমান্ডে : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টাকা-ে গ্রেপ্তার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীকে আট দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম শফি উদ্দিন তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।