সংলাপের সম্ভাবনা উড়িয়ে দিলেন কাদের

বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা উড়িয়ে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সন্ত্রাসী দল; তাদের সঙ্গে সংলাপ হতে পারে না। বৃহস্পতিবার (২ নভেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘তারা (বিএনপি) ঘুরেফিরে তাদের পুরোনো নাশকতা, সন্ত্রাসের ধারায় ফিরে এসেছে। কাজেই এখানে সন্ত্রাসের সঙ্গে সংলাপ হতে পারে না।’ 

তিনি বলেন, দেশের সংবিধান অনুযায়ী সঠিক সময়ে নির্বাচন হবে। অন্যদেশ তো আমাদের পরামর্শ নিয়ে নির্বাচন করে না, আমরা কেন অন্য দেশের পরামর্শ নিয়ে নির্বাচন করবো?

কাদের বলেন, তাদের অনেকবার সংলাপে ডাকা হয়েছে, নির্বাচন কমিশন ডেকেছে, রাষ্ট্রপতি ডেকেছে, তারা সংলাপে যাবে না। তাদের আন্দোলন তারাই পণ্ড করেছে, প্রধান বিচারপতির বাড়িতে হামলা এবং পুলিশ সদস্যকে হামলা করে মেরে ফেলায় তারা জনবিছিন্ন হয়ে গেছে।

ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মেট্রোরেলের উদ্বোধন বিষয়ে বলেন, আগামী ৪ নভেম্বর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন এমআরটি লাইন ফাইভের হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত সাড়ে তেরো কিলোমিটার মেট্রোলাইনের নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে বিকেল চারটায় মতিঝিলে এ উপলক্ষে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।