যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়ার জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। আজ বৃহস্পতিবার (০২ নভেম্বর) চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম হাইকোর্টের জামিন ৮ জানুয়ারি পর্যন্ত স্থগিত করে দেন। ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এর শুনানি হবে।
বৃহস্পতিবার সকালে দুদকের পক্ষ থেকে এ আবেদন করা হলে এ রায় দেন চেম্বার আদালত।
এর আগে, বুধবার (১ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ জ্ঞাত আয়বহির্ভূত মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকে ছয় মাসের জামিন দেন। এ মামলায় তার বিরুদ্ধে ৬ কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ৪ আগস্ট ৬ কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।