বরিশালে বিএনপির ঝটিকা মিছিল, যানবাহন ভাঙচুর

বিএনপি ঘোষিত অবরোধের তৃতীয় দিনে বরিশালে কয়েকটি স্থানে যানবাহন ভাঙচুর এবং ঝটিকা বিক্ষোভ মিছিল হয়েছে। এ ছাড়া সড়কে দূরপাল্লার যানবাহনের সংখ্যা কম থাকায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

বৃহস্পতিবার সকাল থেকেই মহাসড়কে বাসের সংখ্যা কম দেখা গেছে। এই সুযোগে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে গণপরিবহনগুলো। তবে অবরোধকে সামনে রেখে বরিশালে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে।

বেলা ১২টার দিকে রূপাতলী দপদপিয়া সেতুর টোলপ্লাজা এলাকায় বিক্ষোভ মিছিল করে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার জিয়া ও তার অনুসারীরা। এ সময় সেখানে অন্তত ১০টি যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় বরিশাল-কুয়াকাটা আন্তঃমহাসড়কের যান চলাচল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তা আবার চালু হয়।

অপরদিকে দুপুর পৌনে ২টায় নগরীর বটতলা শহীদ আলমগীর ছাত্রাবাস এলাকায় ঝটিকা বিক্ষোভ মিছিল করে জেলা (উত্তর) যুবদল ও ছাত্রদল। এতে নেতৃত্ব দিয়েছেন জেলা যুবদল উত্তর এর যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম সুজন।

এ ছাড়াও নগরীর দুটি বাস টার্মিনাল ও লঞ্চ ঘাটে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটলেও এসব জায়গায় ছিল যাত্রী সংকট। নগরীর অভ্যন্তরে থ্রি হুইলারসহ রিকশা চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ব্যক্তি মালিকানাধীন কোনো যানবাহন চলছে না।