ঈশ্বরদীতে রেলপথে নিরাপত্তায় বিজিবি মোতায়েন

মৈত্রী এক্সপ্রেস ট্রেনে হামলার পর রেলপথে নাশকতা প্রতিরোধে কড়া নিরপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে পাকশী বিভাগীয় রেলওয়ের আওতাধীন পুরো এলাকা। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গুরুত্বপূর্ণ ট্রেনের যাত্রার সময়ে সতর্ক অবস্থান নিয়েছেন আওয়ামীলীগ নেতাকর্মীরাও। প্রতিবন্ধকতা ছাড়াই নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন। 

আজ বুধবার দুপুরে ঈশ্বরদী জংশনের লোকোশেডে আন্তর্জাতিক মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ইট পাটকেল, ককটেল ও পেট্রোল বোমা হামলা করে দুর্বৃত্তরা। এতে ট্রেনের জানালার গ্লাস ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। অতির্কিত এই হামলার পর কঠোর নিরপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। নাশকতা প্রতিরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, আনসারের পাশাপাশি মোতায়েন করা হয়েছে এক প্লাটুন বিজিবি। 

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস জানান, মৈত্রী এক্সপ্রেসে বুধবারের হামলায় ক্ষয়ক্ষতি না হলেও প্রশাসন রেলের নিরপত্তায় নজরদারি বৃদ্ধি করেছে। রেলের নিরপত্তা নিশ্চিতে রেলওয়ের পার্শ্ববর্তী এলাকার প্রতি দুই কিলোমিটারে চারজন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 

তিনি আরো জানান, মৈত্রী এক্সপ্রেসে হামলার ঘটনায় পাকশী রেলওয়ে থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞতনামাদের আসামি করে মামলা দায়ের করেছে। হামলাকারীদের সনাক্তকরণ ও গ্রেপ্তারে অভিযান চলছে। 

এদিকে, মৈত্রী এক্সপ্রেসে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার ঈশ্বরদী জংশনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামীলীগ নেতাকর্মীরা। এ সময় প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবক কমিটি করে রেলে নাশকতা প্রতিরোধে কাজ করার ঘোষণাও দেন তারা। ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু বলেন, প্রশাসনকে সর্বাত্মক সহায়তার পাশাপাশি জনগণ সঙ্গে নিয়েই আমরা সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। 

এদিকে নাশকতার চেষ্টা হলেও তার প্রভাব পড়েনি রেলের সূচিতে। বৃহস্পতিবার সকাল থেকে প্রতিটি ট্রেন সঠিক সময়ে স্বাভাবিকভাবের ঈশ্বরদী জংশন ছেড়ে গেছে বলে জানিয়েছে রেলওয়ে বিভাগ।