দুই দলেরই স্বাধীনতা কাপের সেরা আটে খেলা নিশ্চিত হয়েছিল আগেই। ম্যাচটি ছিল তাই গ্রুপের সেরা হওয়ার লড়াই। সেখানে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে হারিয়ে দিয়েছে পুলিশ এফসি।
বসুন্ধরা কিংস অ্যারেনায় বৃহস্পতিবার শেখ জামালকে ১-০ গোলে হারায় পুলিশ এফসি। ব্যবধান গড়ে দেওয়া গোলটি প্রথমার্ধে করেন মানাস কারিপভ।
ব্রাদার্স ইউনিয়কে ২-০ গোলে হারিয়ে স্বাধীনতা কাপ শুরু করেছিল পুলিশ এফসি। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হলো তারা। ব্রাদার্সকে ৪-০ গোলে উড়িয়ে আসর শুরু করা শেখ জামাল ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে উঠল কোয়ার্টার।
খেলার একমাত্র গোলটি হয় ২৬ মিনিটে। মাহমুদুল হাসান কিরণ ক্লিয়ার করতে শট নিয়েছিলেন, কিন্তু বল চলে যায় বক্সের মুখে কারিপভের পায়ে। কিরগিজস্তানের এই ফরোয়ার্ড দৃষ্টিনন্দন বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন। এ নিয়ে গ্রুপ পর্বে টানা দুই ম্যাচে গোল করলেন কারিপভ। ব্রাদার্সের বিপক্ষে একবার জালের দেখা পেয়েছিলেন তিনি।
৮৪তম মিনিটে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে ফয়সাল আহমেদ ফাহিমের নেওয়া শট পোস্টের বাইরে দিয়ে গেলে সমতায় ফেরা হয়নি ২০১৩ সালের রানার্সআপ শেখ জামালের।