চট্টগ্রামে আগামী দুই মাসের মধ্যে বাস্তবায়ন শুরু হচ্ছে বিশেষায়িত বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট নির্মাণ প্রকল্প। চীনের অর্থায়নে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের গোঁয়াছি বাগান এলাকায় এক একর জমিতে নির্মিত হবে ১৫০ শয্যার এ বার্ন ইউনিট।
আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে চীন সরকারের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল প্রকল্প এলাকা পরিদর্শনে এসে এ তথ্য জানান। তারা জানান, চলতি মাসেই আনা হবে প্রকল্পের যন্ত্রপাতি ও আসবাবপত্র।
প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অবৈতনিক উপদেষ্টা ডা. সামন্ত লাল সেন। পরে প্রতিনিধি দলের সঙ্গে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চমেক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চীন কর্তৃপক্ষ অতি দ্রুততার সঙ্গে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের কাজ শুরু করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। তারা ডিপিপি অনুমোদনের ব্যাপারে জানতে চেয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যে অর্থ মন্ত্রণালয়ে ডিপিপি অনুমোদন শেষে পরিকল্পনা মন্ত্রাণালয়ে যাবে। ডিপিপি অনুমোদন হলেই কাজ শুরু করতে পারবে।
চীনের প্রতিনিধি দল জানায়, প্রকল্পের নকশা, যন্ত্রপাতির তালিকা ছূড়ান্ত পর্যায়ে রয়েছে। ডিপিপি অনুমোদন হলেই টেন্ডার আহ্বান করা হবে।