গণভবনের সামনে সোহেল তাজের অবস্থান

তিন দফা দাবিতে গণভবনের সামনে অবস্থান নিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য তানজিম আহমেদ সোহেল তাজ। বৃহস্পতিবার বিকালে মানিক মিয়া এভিনিউ থেকে গণভবন অভিমুখে পদযাত্রা শুরু করেন তিনি। এসময় সঙ্গে ছিলেন তার জ্যেষ্ঠ বোন শারমিন আহমদ।

সাংবাদিকদের উদ্দেশে সোহেল তাজ বলেন, আমরা একটি সুন্দর সোনার বাংলাদেশ চেয়েছিলাম। যেখানে সবার সমান অধিকার থাকবে, ন্যায়বিচার থাকবে, মেধাভিত্তিক সমাজ হবে, দুর্নীতি থাকবে না, সবার শিক্ষা-স্বাস্থ্যের অধিকার থাকবে। এমন একটি দেশের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। আমরা যদি আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে না পারি তাহলে আমাদের দেশ আরও ভয়াবহ পরিণতির সম্মুখীন হবে।

সোহেল তাজের দাবিগুলো হলো- ১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হওয়ায় ওই দিনকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা করা; ৩ নভেম্বর জেল হত্যা দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালন করা এবং জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সব বেসামরিক ও সামরিক সংগঠক, পরিচালক, শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান ও জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে সর্বস্তরের পাঠ্যপুস্তকে ও সিলেবাসে অন্তর্ভুক্ত করা। তিনি বলেন, তিন দফা দাবির সদুত্তর না পাওয়া পর্যন্ত গণভবনের সামনে অবস্থান করবো।