বাংলাদেশ ও পাকিস্তান নারী দল ওয়ানডে সিরিজে মাঠে নামবে ৪ নভেম্বর থেকে। তার আগে প্রস্তুতিটা দারুণ হলো মুর্শিদা খাতুনের। প্রস্তুতি ম্যাচে করেছেন ফিফটি। এছাড়াও রান পেয়েছেন ফারজানা, লতা মণ্ডল।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি উইমেন'স একাদশকে ৫৬ রানে হারিয়েছে পাকিস্তান নারী দল। ২৭১ রানের লক্ষ্যে ১১ বল বাকি থাকতে বিসিবি একাদশ গুটিয়ে যায় ২১৪ রানে।
ওয়ানডে সিরিজে বাংলাদেশের দলে থাকা ছয় ক্রিকেটার খেলেছেন এই ম্যাচে। মুর্শিদা, ফারজানারা রান পেলেও বল হাতে কিছু করতে পারেননি দিশা বিশ্বাস, সানজিদা আক্তার, শরিফা খাতুন, নিশিতা আক্তার।
টস জিতে ব্যাট করা পাকিস্তানের হয়ে ফিফটির দেখা পেয়েছেন মুনিবা আলি, বিসমাহ মারুফ ও নিদা দার। জবাব দিতে নেমে ৮ চারে ৪৭ বলে ৫০ রান করেন জাতীয় দলের বাঁহাতি ওপেনার মুর্শিদা। পরে স্বেচ্ছায় অবসর নেন। রান আউট হওয়ার আগে অভিজ্ঞ ব্যাটার ফারজানা ৭৩ বলে করেন ৪০ রান। এছাড়া পঞ্চাশের দেখা পেয়েছেন ওয়ানডে দল থেকে বাদ পড়া লতা। অভিজ্ঞ এই অলরাউন্ডার ৭ চারে ৪৮ বলে ৫৪ রান করে অবসর নেন। জাতীয় দল থেকে বাদ পড়া আরেক ব্যাটার শারমিন আক্তার করেন ২৮ রান।