গাজায় ক্যানসার রোগীদের একমাত্র হাসপাতালটি জ্বালানি ফুরিয়ে যাওয়ায় কার্যক্রম চালাতে পারছে না। এ অবস্থায় তুর্কি-ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতালের ক্যানসার রোগীদের তুরস্কে নিতে প্রস্তুত বলে জানিয়েছে আঙ্কারা। বৃহস্পতিবার (০২ অক্টোবর) তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা এ কথা জানান।
তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী বলেন, র্কি-ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতাল জ্বালানি সংকটে কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো দুর্ভাগ্যবশত হাসপাতালে হামলা প্রতিরোধে যথেষ্ট উদ্যোগ নেয়নি। রোগীদের জীবন বাঁচানো এমন একটি দায়িত্ব যা এড়ানো যায় না।
তিনি বলেন, আমরা ক্যানসার রোগীদের চিকিৎসা চালিয়ে যেতে যেকোনো সহায়তা দিতে প্রস্তুত।
এদিকে গত ২৭ দিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা নয় হাজার ছাড়িয়েছে। এছাড়া আহত হয়েছে কমপক্ষে ৩২ হাজার জন।
এদিন হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই ভূখণ্ডে নয় হাজার ৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিন হাজার ৭৬০ জন শিশু এবং দুই হাজার ৩২৬ জন নারী। অপরদিকে আহতদের মধ্যে ছয় হাজার ৩৬০ জন শিশু এবং চার হাজার ৮৯১ জন নারী রয়েছে।
একই সময়ে পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও ১৩২ জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে ৩৯ জন নারী ও শিশু। এছাড়াও আহত হয়েছে কমপক্ষে দুই হাজার জন।