বাস পোড়ানো মামলার আসামি তালিকায় ভাসাবির মালিকসহ তিন ব্যবসায়ী

অভিজাত ফ্যাশন হাউস ভাসাবির স্বত্বাধিকারী কামাল জামান মোল্লাকে বাস পোড়ানো মামলায় আসামি করা হয়েছে। এছাড়াও এই মামলায় আসামি করা হয়েছে ঢাকা হোটেল ও রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো শাজাহানসহ ৩৪ জনকে।

পুলিশ বলছে, অগ্নিসংযোগ, জ্বালাও–পোড়াও এর মতো কর্মসূচি সফল করে তুলতে প্রয়োজনীয় অর্থের যোগান নিশ্চিত করতে এ ধরণের ব্যবসায়ীদের সম্পৃক্ততা তৈরি করেছে দলটি। 

বিএনপির ডাকা অবরোধের মধ্যে বুধবার রাতে গুলশানে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (২ নভেম্বর) গুলশান থানায় একটি মামলা করেছে পুলিশ। গুলশান থানার উপ পরিদর্শক রায়হানুল ইসলাম সৈকত বাদি হয়ে করা মামলায় আসামি করা হয়েছে ৩৪ জনকে। এরমধ্যে এক নম্বর আসামি করা হয়েছে ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাকে। দুই নম্বর আসামি করা হয়েছে ভাসাবির স্বত্বাধিকারী কামাল জামান মোল্লাকে। এছাড়াও এই মামলায় আসামি করা হয়েছে ঢাকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো শাজাহান, খাজা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মইনুল হাসান নিশুকে।