নির্বাচনের আগে সহিংসতা গ্রেপ্তার চায় না জাতিসংঘ

বাংলাদেশে জাতীয় নির্বাচন সামনে রেখে কোনো বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি, নির্বিচার গ্রেপ্তার বা সহিংসতা দেখতে চায় না জাতিসংঘ।

গত বুধবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলা হয়। প্রেস ব্রিফিংয়ে কথা বলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

এক সাংবাদিক প্রশ্ন করেন, বিরোধীদের লক্ষ্যবস্তু বানিয়ে, হয়রানি করে, গ্রেপ্তার করে নির্বাচন করা হলে, তা যে সুষ্ঠু বিবেচিত হবে না, সে বিষয়ে জোর দিতে বাংলাদেশের আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। গত মঙ্গলবার পুলিশের গুলিতে বিরোধী দলের অন্তত তিনজন নিহত হয়েছেন। জাতিসংঘের মহাসচিব কি সংস্থার এই সদস্যরাষ্ট্রের পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন?

জবাবে মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, তিনি মনে করেন, বাংলাদেশ বিষয়ে জাতিসংঘের দৃষ্টিভঙ্গি এবং দেশটিতে অবাধ-সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা সম্পর্কে সংস্থার অবস্থান তারা খুব স্পষ্টভাবেই বলে দিয়েছেন।

তিনি বলেন, তারা এটাও পরিষ্কার করেছেন যে নির্বাচনের আগের এই সময়ে কোনো হয়রানি, নির্বিচার গ্রেপ্তার বা সহিংসতা তারা দেখতে চান না। এসবের বিরুদ্ধেও তারা কথা বলেছেন।