অভিনেত্রী হিমুর রহস্যজনক মৃত্যু

অভিনেত্রী হুমায়রা হিমুর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে অভিনেত্রীকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন হিমুর বাসার লোক মিহির ও তার এক বন্ধু। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি জানিয়েছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।

আহসান হাবিব নাসিম দেশ রূপান্তরকে বলেন, ‘সুরতহালের পর মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্তের জন্য নেওয়া হচ্ছে। আজ (শুক্রবার) শিল্পীদের উদ্যোগে তেজগাঁওয়ের চ্যানেল আই প্রাঙ্গণে তার জানাজা হবে।’

জানা যায়, বিকেলে ৪টা ৪৬ মিনিটে হুমায়রা হিমুকে গুরুতর অবস্থায় বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল উত্তরায় নিয়ে আসেন বাসার লোক মিহির ও তার বন্ধু। বিষয়টি জানিয়ে অভিনয় শিল্পী সংঘের আইন ও কল্যাণ সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী কর বলেন, ‘চিকিৎসক হিমুকে মৃত ঘোষণা করেন। শরীরে ও গলায় দাগ থাকায় চিকিৎসকরা এটিকে পুলিশ কেস হিসেবে চিহ্নিত করে এবং পুলিশকে ডাকেন। হিমুর সঙ্গে আসা বন্ধু এ সময় হাসপাতাল থেকে সরে যান।’

ঊর্মিলা অবশ্য সেই বন্ধুটিকে চিনেন না বলে দেশ রূপান্তরকে জানান। তিনি বলেন, ‘যেহেতু গলায় দাগ রয়েছে, তাই এটি রহস্যজনক। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। তার বন্ধুটি কে বা মৃত্যুর কারণ কী তা জেনে পুলিশ পদক্ষেপ নেবে।’

নাটকের নিয়মিত অভিনেত্রী হুমায়রা হিমু আমার বন্ধু রাশেদ (২০১১) চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত হন। এই অভিনেত্রী ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে হিমু ইডেন মহিলা কলেজে ভর্তি হন এবং এ কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম নাট্যজগতে প্রবেশ করেন। ফ্রেঞ্চ নামক নাট্যদলের হয়ে তিনি অভিনয় করেন। তার মামা মূর্শেদ নাটকটিতে নির্দেশনা দিয়েছিলেন।