জ্বালানির আকার দিন দিন বড় হচ্ছে : নসরুল

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে টেকসই বাস্তবায়নধর্মী পরিকল্পনা আবশ্যক উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানির আকার দিন দিন বড় হচ্ছে। বহুমুখী সিদ্ধান্ত তাৎক্ষণিক নিতে হবে।’ গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে ২০২২-২৩ অর্থ বছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে জ্বালানি বিভাগ তৃতীয় হওয়ায় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, বার্ষিক কর্মসম্পাদনের বিষয়গুলো যতই চর্চার মধ্যে রাখা যাবে ততই কাজের গুণগত মান বৃদ্ধি পাবে। বাংলাদেশ স্বল্প উন্নত থেকে উন্নয়নশীল দেশে প্রবেশের দরুন ঋণের সুদ বেড়ে যাবে। ভালো প্রকল্পের জন্য যা কোনোবিষয়ই না। বাস্তবতার নিরিখে নেওয়া প্রকল্প দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করতে হবে। অর্থনীতির আকার ও অর্থনীতির ধরন পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেদেরও খাপ খাইয়ে নিতে হবে। আগামীতে সবার প্রযুক্তি সম্পর্কে সম্যক ধারণা থাকা জরুরি।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিপিসির চেয়ারম্যান এ বি এম আজাদ, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার এবং দপ্তর প্রধানসহ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।