রাজধানীর যাত্রাবাড়ীতে মোটরসাইকেলের সঙ্গে একটি রিকশার ধাক্কা লাগায় রিকশার আরোহী দুজনকে কুপিয়ে জখম করেছে মোটরসাইকেলের আরোহীরা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, সাইদুর রহমান সোহাগ (৩৫) ও তার চাচাতো ভাই তানভির খান (১৮)। আহতরা জানান, তারা যাত্রাবাড়ী মাতুয়াইল মাদ্রাসা বাজার রোডে থাকেন। এর মধ্যে আহত সোহাগ সিটি করপোরেশনের ময়লা তুলার বিল আদায় করেন। আর তানভির তার বাবার দোকানে কাজ করেন। সকালে সোহাগের নিজের পালিত কবুতর নিয়ে দুজন একসঙ্গে রিকশা যোগে যাচ্ছিলেন ডেমরা এলাকায়।
মাদ্রাসা বাজার রোড থেকে রিকশায় ওঠার পর কিছু দূর গেলে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে রিকশার। এতে মোটরসাইকেল আরোহী তিনজন রিকশাচালককে মারধর শুরু করলে বাধা দেন সোহাগ ও তানভির। একপর্যায়ে মোটরসাইকেল আরোহীরা তাদের দুজনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়।