বাংলাদেশ থেকে সোনা পাচারের সময় বিএসএফের হাতে আটক

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে ৬০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

স্বর্ণের বারগুলো যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে ভারতে পাচার করা হচ্ছিল। এ সময় বিএসএফের হাতে আটক হয়েছেন সুরজ মগ (২৩) নামে এক চোরাকারবারি।

সুরজ মগ পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার জয়পুর গ্রামের বাসিন্দা। সোনার বারগুলো বাংলাদেশের বেনাপোল থেকে ভারতে পাচার হচ্ছিল।

জব্দকৃত সোনার বাজার মূল্য প্রায় ৪ কোটি ৩২ লাখ রুপি; যা বাংলাদেশী মুদ্রায় পাঁচ কোটি টাকার বেশি।

বিএসএফ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার সকালে সোনা পাচারকালে এক ট্রাকচালককে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৬০টি সোনার বার।

বিএসএফ আরো জানায়, দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে আইসিপি পেট্রাপোল স্থলবন্দর চেকপোস্টে ১৪৫ ব্যাটালিয়নের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা একটি খালি ট্রাক বাংলাদেশ থেকে ভারতের দিকে আসতে দেখেন। ট্রাকটি থামিয়ে তারা তল্লাশি চালান। এ সময় ট্রাকের পেছনের আসনের কেবিনের ভেতর থেকে স্বচ্ছ টেপে মোড়ানো ৬০টি সোনার বার উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে ট্রাকচালককে আটক ও সোনার বারগুলো জব্দ করে বিএসএফ।

আটক ব্যক্তি ও জব্দ সোনার বারগুলো কলকাতা শুল্ক দপ্তরের কাছে হস্তান্তর করেছে বিএসএফ।