বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, দলটির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে রিজভী বলেন, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ডিবির সদস্যরা সাদাপোশাকে গিয়ে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে তাকে আটক করে নিয়ে যায়।’ সরোয়ারকে আটকের নিন্দা জানান রিজভী।
সাবেক সংসদ সদস্য মজিবর রহমান বরিশাল সিটি করপোরেশনের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে গুলশান থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া গতকাল সন্ধ্যায় মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার করা হয়। এই দুই নেতাকে গত রোববার ঢাকায় বিএনপির মহাসমাবেশের দিন পুলিশ সদস্য আমিরুল হক হত্যা মামলায় ছয় দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে।