খুলনা জেলা ছাত্রদল সভাপতির সন্ধান পেয়েছে পরিবার

খুলনা জেলা ছাত্রদলের সভাপতি আবদুল মান্নান মিস্ত্রি ঢাকার শাহবাগ থানায় আটক রয়েছেন। মান্নানের স্ত্রী সুইটি সুলতানা আজ সন্ধ্যায় দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সুইটি সুলতানা জানান, গত বুধবার দুপুরে নিরালা বাসায় সাদা পোশাকে ৮ জন ব্যক্তি প্রবেশ করেন। তাদের সবার কাছেই অস্ত্র ছিল। তারা মান্নানকে তুলে নিয়ে যান। জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হবে বলে জানান। এরপর থেকেই কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না।

তিনি জানান, গত দুই দিন খুলনার বিভিন্ন থানা, গোয়েন্দা পুলিশ কার্যালয়ে তার খোঁজ না পেয়ে তারা উদ্বিগ্ন ছিলেন। তবে সর্বশেষ আজ শুক্রবার (৩ নভেম্বর) বিকেল ৪ টায় তারা জানতে পেরেছেন আবদুল মান্নান মিস্ত্রি ঢাকার শাহবাগ থানায় আটক রয়েছেন ।