মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন রিপন, দুর্ঘটনায় মৃত্যু 

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজে তিনি মারা যান। 

নিহত কলেজছাত্রের নাম মাহমুদুল হাসান রিপন (১৬)। তিনি উপজেলার কাকচর নদীরপাড় এলাকার সমেদ আলীর ছেলে। তিনি স্থানীয় সরকারি শহীদস্মৃতি আদর্শ কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। 

জানা যায়, শুক্রবার (৩ নভেম্বর) বিকালে বাইক করে তার বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হন। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চামটা নামক স্থানে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে হয়ে রিপন আহত হন। দুর্ঘটনার পরেই রিপনের বন্ধুরা ভয়ে দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয়রা ও সিএনজিচালক মিলে রিপনকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করান। তিনি চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পরে মৃত্যুবরণ করেন। 

নিহতের বড় ভাই লাল মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নান্দাইল মডেল থানার ওসি রাশেদুজ্জামান বলেন, ‘মৃত্যুর সংবাদটি এখনো আমার কাছে আসেনি।’