ইসির সংলাপে যাবে না জেএসডি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, অগ্রগতিসহ সার্বিক বিষয়ে নিবার্চন কমিশনের (ইসি) ডাকা আলোচনা সভায় অংশ নেবে না জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। শুক্রবার (০৩ নভেম্বর) দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এই সিদ্ধান্তের কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর চিঠি দিয়েছেন।

শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের চিঠিতে উল্লেখ করা হয়, গত ২৮ অক্টোবর থেকে বিএনপিসহ গণতান্ত্রিক মঞ্চের নেতাদের নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে। তাদের বাড়িতে-বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এছাড়াও বিএনপির তালাবদ্ধ রাজনৈতিক কার্যালয়ের সামনে ইসির চিঠি রেখে আসা হচ্ছে। এমন প্রেক্ষাপটে ইসির সাথে কোনো ধরনের আলোচনায় অংশগ্রহণ বা দলের পক্ষে প্রতিনিধিত্ব করার সুযোগ নেই।

চিঠিতে আরো বলা হয়, সারাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে গড়ে ওঠা ব্যাপক সংগ্রাম ও আন্দোলনের বাস্তবতা বিবেচনায় নিয়ে জনগণের অভিপ্রায়ের প্রতিফলন ঘটাবার উপযোগী পরিবেশ নিশ্চিত হলেই রাজনৈতিক দলের সাথে ইসির আলোচনা বা সংলাপ ফলপ্রসূ হতে পারে। জেএসডি গণতন্ত্র, আইনের শাসন ও ভোটাধিকার প্রতিষ্ঠার প্রশ্নে যে কোনো সহযোগিতা করতে রাজনৈতিকভাবে অঙ্গীকারাবদ্ধ।