‘নির্বাচনের আগে মাঠের আন্দোলনে বিরোধীপক্ষ থাকবে এটা স্বাভাবিক, কিন্তু দিন শেষে সবাইকে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। আর যদি বিএনপি নির্বাচনে না আসে এটি হবে তাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত।’
গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে চলমান রাজনীতি ও আসন্ন সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশ সাম্যবাদী দল মিরসরাই উপজেলা কমিটির ব্যানারে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।
তিনি আরও বলেন, ‘সরকারকে উৎখাত করার মতো যে শক্তি বা সামর্থ্য এটি তাদের নেই। এই যে বিএনপি এত লোকের সমাগম করল কিন্তু দিনশেষে ফসল তাদের ঘরে তুলতে পারেনি। তাহলে এসব করে লাভ কী।’
১৪ দলীয় জোটের শরিক দলের এ নেতা আসন্ন সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে মনোনয়ন চাওয়ার বিষয়টি পুনর্ব্যক্ত করেন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট দীর্ঘতম বড়ুয়া ও মিরসরাই উপজেলা সাম্যবাদী দলের সভাপতি রণজিত বড়ুয়া প্রমুখ।