শ্রীপুরে আট মাসের আন্তঃসত্ত্বা নারীর রহস্যমৃত্যু

গাজীপুরের শ্রীপুরে ময়না আক্তার (২৫) নামে অন্তঃসত্ত্বা এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রাম এলাকার একটি বসতঘর থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহতের স্বামী রাসেল আহাম্মেদ প্রবাসে থাকে। কিছুদিন আগে দেশে আসার পর আবারও প্রবাসে চলে যান। রাসেলের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুরাহাতা গ্রামে। তার স্ত্রী ময়না আক্তার শাশুড়ির সাথে কেওয়া পশ্চিমখণ্ড গ্রামে বসবাস করত।

নিহতের স্বজনার জানান, নিহত ময়না আক্তার আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার আগেও একটি ছেলে সন্তান আছে। তারা আরও জানান, রাতে বাড়ির অন্যরা নানা বিষয়ে ব্যস্ত থাকলে সে সুযোগ বুঝে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে আত্মহত্যা করে। পরে টের পেয়ে আশপাশের মানুষ পুলিশে খবর দেয়। খবর পেয়ে রাতে পুলিশ ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

নিহতের মা জাহানা আক্তার বলেন, আমরা তো বিস্মিত। কি করে এমন কাণ্ড ঘটল। সে অন্তঃসত্ত্বা আট মাসের। আরও একটি ছেলেও আছে। কেন এমন পথ বেছে নিল?

শ্রীপুর মডেল থানার এসআই কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দ্রুত উপেজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। পরে স্বজনদের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।