সর্বোচ্চ দিয়ে সেমিফাইনালে খেলতে চায় আফগানিস্তান

বিশ্বকাপটা যেন স্বপ্নের মতো কাটছে আফগানিস্তানের। একের পর এক ম্যাচ জিতে চলেছে দলটি। জাগিয়েছে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো বৈশ্বিক আসরের সেমিফাইনালে খেলার সম্ভাবনা। আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি বললেন, শেষ চারে থাকতে সর্বোচ্চ চেষ্টা করবেন তারা।

১ জয় ও ১৪ পরাজয় নিয়ে ২০২৩ বিশ্বকাপ খেলতে এসেছিল আফগানিস্তান। দলটিকে নিয়ে তাই বাজি ধরার লোক খুব কম ছিল। বাংলাদেশ ও ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরে এবারের আসর শুরু করে আফগানরা। এরপর হুট করেই যেন বদলে যায় দলটি। লিখতে শুরু করে রূপকথার গল্প।

দিল্লিতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৫৯ রানে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের দ্বিতীয় জয় পায় আফগানরা। যে জয় পেতে আফগানদের অপেক্ষা করতে হয়েছে ৮ বছর। পরে চেন্নাইতে পাকিস্তান, পুনেতে শ্রীলঙ্কা ও গতকাল লক্ষ্ণৌয়ে নেদারল্যান্ডস হারিয়ে দেয় দলটি।

এখন পর্যন্ত আসরে ৪ ম্যাচ জেতা আফগানিস্তান পয়েন্ট টেবিলে আছে পঞ্চম স্থানে। তাদের পরের দুই লড়াই অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে। ম্যাচ দুটি জিতলে ১২ পয়েন্ট নিয়ে শেষ চারের খেলা নিশ্চিত হয়ে যাবে তাদের। একটি জিতলেও থাকবে থাকবে সম্ভাবনা। তবে এর জন্য বাকি দলগুলোর ফল তাদের পক্ষে আসতে হবে।

ডাচদের ৭ উইকেটে হারিয়ে আফগান অধিনায়ক শাহিদি বলেন, দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চান তারা সেমিফাইনাল খেলে, ‘সেমিফাইনালে যাওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। যদি সেমিতে খেলতে পারি, তাহলে এটা হবে দেশের জন্য সবচেয়ে বড় অর্জন। আমার পরিবারও বেশ কষ্টে আছে। প্রথমত আমার দেশের জন্য তা হবে (সেমিফাইনালে ওঠা) বড় অর্জন, একই সঙ্গে তা পরিবারের জন্যও।’

আগামী ৭ নভেম্বর অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকার সঙ্গে তাদের লড়াই ১০ নভেম্বর।