বৈশ্বিক প্রযুক্তি ও উদ্ভাবনের নতুন কেন্দ্র হচ্ছে ভারত!

ভারতে নিজেদের মোবাইল ফোন উৎপাদনের ঘোষণা দিয়েছে গুগল। এরপর একই ঘোষণা দেয় অ্যাপলও। তারাও ভারতে মোবাইল ফোন উৎপাদন করবে বলে জানায়। অন্যদিকে, বৈশ্বিক প্রধান সেমিকন্ডাক্টর উৎপাদনকারী এবং ইলেকট্রনিক্স যন্ত্রপাতি মেরামতের প্রধান কেন্দ্র হওয়ার পথে যাত্রা শুরু করেছে ভারত। দেশটি বিশাল স্থানীয় বাজার, সস্তা শ্রম, উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাচ্ছে। এ ছাড়াও ভূ-রাজনৈতিক অবস্থানকে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করছে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার এই দেশটি।

বিশ্লেষকরা মনে করছেন, বৈশ্বিক প্রযুক্তিখাত ও উদ্ভাবনের নতুন কেন্দ্র হিসেবে পরিচিতি পেতে যাচ্ছে ভারত। প্রযুক্তিখাতে ভারতকে ‘সত্যিকারের বিশ্বমানের হাব’ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য প্রশংসা করেছেন গুগলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিক অস্টারলোহ। তিনি বলেন, ভারতে পিক্সেল স্মার্টফোন তৈরির পরিকল্পনা ঘোষণা করতে পেরে খুবই আনন্দিত। আমরা আশা করি স্মার্টফোন উৎপাদন ২০২৪ সালে শুরু হবে। ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগে যোগ দেব আমরা। 

ভারতে স্মার্টফোন উৎপাদনের জন্য আন্তর্জাতিক ও দেশীয় নির্মাতাদের সঙ্গে অংশীদারিত্বের প্রক্রিয়া শুরু করেছে গুগল। এদিকে, চীনের ওপর নির্ভরতা কমাতে অ্যাপলের জন্য ভারত এখন সবচেয়ে ভালো পছন্দ। কারণ দেশটির বিশাল অভ্যন্তরীণ বাজার, সস্তা শ্রম এবং সরকারি প্রণোদনা। এসব কারণে ভারত আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে। 

ফিচ রেটিংয়ের জ্যেষ্ঠ পরিচালক নিতিন সোনি বলেছেন, চীনের শ্রম বাজার এখন ব্যয়বহুল। তাই আপনি যদি উৎপাদন খরচ কমাতে চান তবে ভারতের মতো অন্যান্য দেশে যেতে হবে। ব্যাংক অব আমেরিকার মতে, ভারতে মোট বৈশ্বিক আইফোন উৎপাদন ২০২৩ সালে ৭ শতাংশ থেকে ২০২৫ সালে ২৫ শতাংশে উন্নীত হবে। 

প্রযুক্তিখাতকে সমৃদ্ধ করতে ভারত ৩০০ বিলিয়ন মার্কিন ডলারের ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের উচ্চাভিলাষী লক্ষ্য স্থির করেছে। কাউন্টারপয়েন্ট রিসার্চ অনুসারে, মোবাইল ফোন উৎপাদনের জন্য দ্বিতীয় বৃহত্তম বৈশ্বিক হাব হিসেবে আবির্ভূত হয়েছে দেশটি। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ গবেষণাবিষয়ক বিশ্লেষক ইভান লাম বলেছেন, ভারত এখন মোবাইল ফোন উৎপাদনের দ্বিতীয় বৃহত্তম উৎপাদন কেন্দ্র। ২০২৩ সালে মোট উৎপাদিত মোবাইল ফোনের প্রায় ২২ শতাংশই ভারত রপ্তানি করবে বলে আশা করা হচ্ছে। 

এগিয়ে যাওয়ার পথে ভারত কোনো কসরতই বাকি রাখছে না। ইলেকট্রনিক পণ্য মেরামতের ক্ষেত্রেও জায়গা দখলের চেষ্টা করছে। ভারতকে বিশ্বের ‘মেরামত রাজধানী’ করতে পাইলট প্রকল্পও চালু করেছে। ভারতের ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব ইনফরমেশন টেকনোলজির মহাপরিচালক আলি আখতার জাফরি বলেছেন, ‘মেরামত আউটসোর্সিং’ ইলেকট্রনিক নির্মাতাদের ভারতে উৎপাদন ক্ষমতা আরো প্রসারিত করতে উৎসাহিত করবে। 

প্রযুক্তিখাতে চীনকে হঠাতে একটি জায়াগায়ই পিছিয়ে আছে ভারত। দেশটি প্রযুক্তিখাতে বড়সড় স্থান দখল করতে চুক্তি করতে পারছে না। তবে দেশটির বর্ধিত সক্ষমতা এবং বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারতেকে পেছনে ফেলা যায় না বলে দাবি প্রযুক্তি বিশারদদের। সূত্র : টাইমস অব ওমান