বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য ও দলীয় মুখপাত্র মাহী বি. চৌধুরী বলেছেন, ‘প্রত্যাশা করি নির্বাচনে সব দলের অংশগ্রহণ থাকবে। সকল দলের অংশগ্রহণ না থাকলে নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে না।’ আজ শনিবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘নির্বাচন কমিশনের উচিত নির্বাচন অংশগ্রহণমূলক করার জন্য যা যা করার দরকার সে পদক্ষেপ গ্রহণ করা। কোন দল নির্বাচনে আসবে কোন দল আসবে না সেটা নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব না। কিন্তু তারা যে চেষ্টা করছে সেটা আমরা প্রত্যক্ষভাবে দেখতে চাই। সকল দলকে নির্বাচনে আনতে তাদের সচেষ্ট ভূমিকা রয়েছে।’
‘নির্বাচনে আসার পরিবেশ আছে কি না’- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন পর্যন্ত না আসার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। তবে আমরা চাই নির্বাচনের পরিবেশ আরো উন্নত হোক- সেই ব্যাপারে নির্বাচন কমিশনের ভূমিকা রাখুক; সেটা দেখতে চাই।’