উদ্ভট গায়েবি মামলার নতুন নতুন মডেল দেখতে পাচ্ছি: রিজভী

বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে সারা দেশে ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

আজ শনিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, ‘উদ্ভট গায়েবি মামলার নতুন নতুন মডেল দেখতে পাচ্ছি। ঢাকাতে গ্রেপ্তার যুব দলের নেতা মামুনের বিরুদ্ধে বরিশালে ককটেল নিক্ষেপের মামলা করা হয়েছে। যখন সে ঢাকায় গ্রেপ্তার হয়েছে তার বেশ কিছুদিন পরে মামলা দিয়েছে ককটেল বিস্ফোরণের অভিযোগে। এছাড়া জেলে থেকে নাকি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপে করেছেন বিএনপি নেতা কাঁকন।’

তিনি বলেন, ‘এই তাজব্যের কাহিনী, এই তামাশার কথা-বার্তার কথা আমরা প্রায় শুনি, এসব সংবাদ গণমাধ্যমে দেখা যাচ্ছে। এই সমস্ত হাস্যকর মামলা দিয়ে বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের জুলুম-নির্যাতন-হয়রানির ভয়ঙ্কর আবর্তের মধ্যে ঠেলে দেয়া হয়েছে। গ্রেপ্তার থামছে না। দেশের জাতীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে তৃণমূল পর্য্ন্ত, ইউনিয়ন পর্যন্ত গ্রেপ্তারের যে হিড়িক চলছে, যে ধারা চলছে সেটা ভাষায় বলা যাবে না এবং তার সাথে চলছে আক্রমনে আক্রান্ত হয়ে নিহত হওয়ার ঘটনাও কিন্তু থামছে না। গত ২৪ ঘণ্টায় ১৭৬ জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, বিভিন্ন মামলায় ৫৭৫ জনের অধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।’

রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী থাকার যে কি আনন্দ সেই তো তিনি পেয়েছেন। সেই আনন্দের কারণে তিনি (শেখ হাসিনা) অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে চান না। দরকার হলে আরও যদি রক্ত ঝরাতে হয়, রক্ত ঝরিয়ে হলেও তিনি এক তরফা নির্বাচন করবেন। বিদেশী একটি সংবাদ মাধ্যমে প্রধানমন্ত্রী বলেছেন, জনগনই নাকী তার মূল শক্তি। তাহলে সুষ্ঠু নির্বাচনের জন্য নিজে পদত্যাগ করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিচ্ছেন না কেনো? জনগন সাথে থাকলে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা দিয়ে অবাধ, অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক নির্বাচন করে ক্ষমতায় আসতে ভয় পাচ্ছেন কেনো?’

প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘কেনো আপনি নির্বাচনের প্রাক্কালে বিএনপিসহ বিরোধী দলের কর্মসূচিতে হামলা চালিয়ে শীর্ষ নেতৃবৃন্দকে কারা অন্তরীণ করেছেন? কেনো আপনি দেশব্যাপী ব্যাপক ধড়পাকড় করেছেন বিএনপিসহ তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের। নেতাকর্মীদের ধরতে গিয়ে বাসায় না পেয়ে তাদের বাবা, ভাইকে আটক করেছে। আপনার আইনশৃঙ্খলা বাহিনী দলীয় ক্যাডাররা রক্তাক্ত আক্রমন চালিয়ে নেতাকর্মীদের হত্যা ও বিপুল সংখ্যক মানুষকে জখম কেনো করেছেন? আপনি এতোটাই বিধবংসী হয়ে উঠেছেন যে, দেশব্যাপী ধড়পাকড় করে ভীতির পরিবেশ তৈরি করছে।’

রিজভী বলেন, ‘বিএনপিকে বল প্রয়োগে উৎখাতের পরিকল্পনা নিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশে এখন একাত্তরের ভয়াল পরিস্থিতি বিরাজ করছে। একাত্তরে হানাদার বাহিনীর হিংস্রতা ও দুঃশাসন হুবুহু নকল করছে আওয়ামী সরকার। তাদের শান্তি কমিটির মতো এখন আওয়ামী লীগ শান্তি সমাবেশ করছে। হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের না পেলে তাদের পরিবারের লোকদের ধরে নিয়ে যেতে। আওয়ামী পুলিশ সেই দৃষ্টান্ত অনুসরণ করছে। ছেলে না পেলে তার ভাইকে, ভাইকে না পেলে তার বাবাকে ধরে নিয়ে যাচ্ছে। সারা দেশ থেকে এই অমানবিক মনুষ্যত্বহীন সংবাদ প্রতিনিয়ত আমাদেরকে শুনতে হচ্ছে।’

সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করে বলেন, ‘দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ কারাগারে। জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এর সাথে প্রচন্ড অসদাচরণ করা হচ্ছে। তাকে চিকিৎসা থেকে বঞ্চিত রাখা হচ্ছে। তার উচ্চমাত্রার ডায়াবেটিস, তিনি উচ্চ রক্তচাপসহ নানা জটিল রোগে আক্রান্ত। গ্রেপ্তারের পর তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সেখানে তাকে কোন ঔষধ পর্যন্ত দেয়া হয় নাই। এক মনুষ্যত্বহীন অবিচারে তাকে মানসিক ও শারীরিকভাবে কষ্ট দেয়া হচ্ছে।’