গাজীপুরের কাপাসিয়ার চাঁদপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেল ২৮টি দোকান। শনিবার সন্ধ্যায় লাগা আগুনে ব্যবসায়ীদের প্রায় ৫ থেকে ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তারা। গাজীপুর ও কাপাসিয়া ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট দীর্ঘ দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
বাজার ব্যবসায়ীরা ও এলাকাবাসী কাপাসিয়া উপজেলা ফায়ার সার্ভিসে খবর দিলেও তারা দেরিতে আসায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে বলে তাদের অভিযোগ রয়েছে।
চাঁদপুর বাজারের ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন জানান, শনিবার সন্ধ্যার আগ মুহূর্তে চাঁদপুর বাজারের পূর্ব পাশের সোলায়মান খানের পেট্রোল, ডিজেল ও এলপি গ্যাসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে এবং তেলের ড্রামে আগুন লাগলে তা ব্যাপক আকার ধারণ করে আশপাশের অন্তত ২৮ টি দোকানে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। এর মধ্যে একটি স্বর্ণের দোকান, বেশ কয়েকটি কাপড়ের দোকান, মুদি দোকান, স্টেশনারী দোকান, হার্ডওয়্যারের দোকান, মিস্টির দোকান, ফলের দোকান ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং শাখাও রয়েছে।
চাঁদপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সোলায়মান মোড়ল জানান, বিকেল পাঁচটার দিকে বাজারের খাঁন ট্রেডার্স নামক একটি এলপি গ্যাস ও জ্বালানী তেলের দোকানে প্রথম আগুন লাগে। পরে গ্যাস ও তেলের সংমিশ্রণে আগুনের লেলিহান শিখা মুহূর্তের মাঝেই আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। তাদের প্রাথমিক ধারণা ৫ থেকে ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাড়ানোর জন্য তিনি প্রশাসনের কাছে জোড় দাবি জানান।
এ বিষয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, তারা খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তারা ঘটনাস্থলে গিয়ে অন্তত ৮-১০টি দোকানের আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। বাকী ছোট ছোট দোকানগুলি তারা পৌঁছার আগেই পুড়ে গেছে।
খবর পেয়ে কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খাঁন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।